বলিউডে পাত্তা না পেয়ে ঢাকায় অভিনয় করেন চাঙ্কি পাণ্ডে

আপডেট : ১১ জুলাই ২০১৯, ১২:০৭ পিএম

বলিউডের ‘হাউসফুল’ ফ্র্যাঞ্চাইজির আখরি পাস্তা চরিত্রের কারণে এই প্রজন্মের দর্শক চেনেন চাঙ্কি পাণ্ডেকে। সম্প্রতি এই অভিনেতা জানালেন, এক সময় কাজের অভাবে ঢাকার সিনেমায় অভিনয় করেছেন।

এনডিটিভি’কে তিনি বলেন, অভিনেতার কাছে পরিচিতি খুব বড় একটা বিষয়। অনেকেই ক্যারিয়ারের শুরুতেই তা অর্জন করতে পারেন, কারো আবার গোটা জীবনেও স্পটলাইটে আসা হয় না। যদিও স্টারডম খুবই অস্থির।

সাফল্য ও ব্যর্থতা— দুটিই দেখেছেন চাঙ্কি পাণ্ডে। তিনি বলেন, “আমি আমার জীবনে দুইই দেখেছি। কিন্তু আমার কোনো দুঃখ নেই।”

আশির দশকের শেষ দিকে চাঙ্কি ক্যারিয়ার শুরু করেছিলেন বেশ কয়েকটি হিট ছবি দিয়েই। তালিকায় রয়েছে আগ হি আগ, তেজাব ও খতরো কে খিলাড়ি। ১৯৯৩ সালে গোবিন্দের সঙ্গে ‘আঁখে’ ছিল চাঙ্কির সাফল্যের শিখরে ওঠার সিঁড়ি।

তবে এরপরই আসে ব্যর্থতার হাতছানি। বলিউডে আকর্ষণীয় কাজের অভাবে ৮ বছর বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন তিনি। এ প্রসঙ্গে চাঙ্কি বলেছেন, “আমি যখন দেশে ফিরে এলাম তখন দেখেছিলাম সবাই আমাকে ভুলে গিয়েছে। তাই ছোটদের ছবি করার পরিকল্পনা করেছিলাম। যাতে ছোটরা আমার নাম জানতে পারে।”

কলকাতার সঙ্গে ঢাকার যৌথ প্রযোজনায় নির্মিত ৬টি সিনেমায় এই সময়ে কাজ করেন চাঙ্কি। এর মধ্যে আছে স্বামী কেন আসামি, মেয়েরাও মানুষ ও প্রেম করেছি বেশ করেছি।

এদিকে সম্প্রতি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে চাঙ্কির মেয়ে অনন্যা পাণ্ডের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত