রংপুর নগরীর বাবু পাড়া এলাকায় তিন দিন নিখোঁজ থাকার পর দুই সন্তানের জননী রেশমা বেগম রেশমির (২৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে তার বাড়ির পাশের ডোবা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মৃতের স্বামী আব্দুল খালেক ও বড় ভাই বান্ঠাসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মৃতের গলায় গামছা পেঁচানো ছিল। মৃতের চোখে ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
রসিক ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর হারুনর রশিদ জানান, মৃত রেশমি দুই সন্তানের জননী। রেশমির বাবার বাড়ি দিনাজপুরে। বিগত ৫/৬ বছর আগে রংপুর নগরীর বাবুপাড়া এলাকার মৃত আ. কাবেল মিয়ার ছেলে মো. আ. খালেকের সঙ্গে বিয়ে হয়।
সংসার করাকালীন দুই সন্তানের জননী হন রেশমি। রেশমি নিখোঁজের পর তার স্বামী জুম্মন কোতোয়ালি থানায় একটি জিডি করেছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ বলেন, আমি নিজেই ঘটনাস্থলে এসেছি লাশের সুরতহাল দেখে প্রাথমিক ধারণা হিসেবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে, তবে আমরা এটাকে আরও নিবিড়ভাবে তদন্ত করে দেখছি, এছাড়া পোস্টমর্টেম রিপোর্ট আসলে বাকিটা বোঝা যাবে।
