অসুস্থ হওয়ার পরও ছুটি না পেয়ে কারখানাতেই মরল শ্রমিক

আপডেট : ১১ জুলাই ২০১৯, ০৪:৩৪ পিএম

গাজীপুরের বাঘের বাজারে পলমল গ্রুপের কর্টজ এ্যাপারেলস পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ হওয়ার পরও ছুটি না পেয়ে কর্মস্থলেই মৃত্যু হয়েছে এক শ্রমিকের। 

গাজীপুর শিল্প পুলিশের শ্রীপুর জোনের ইনচার্জ ইন্সপেক্টর হাবিব ইস্কান্দর বুধবার দুপুরে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন।

নিহত আব্দুর রব মিয়ার (২৬) বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার কামারিয়া গ্রামে। কর্টজ এ্যাপারেলস পোশাক কারখানায় সুইং আয়রনম্যান পদে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন তিনি।

কারখানার শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা পৌনে ১২টার দিকে কারখানায় কাজ করার সময় হঠাৎ বুকে প্রচণ্ড ব্যাথা অনুভব করেন আব্দুর রব। এসময় তার সহকর্মীরা দ্রুত কারাখানার কর্তব্যরত চিকিৎসকের কাছে নিয়ে যান। ওই চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে আব্দুর রবকে দ্রুত উন্নত চিকিৎসার পরামর্শ দেন এবং বিশ্রাম নিতে বলেন।

শ্রমিকদের অভিযোগ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ছুটির আবেদন করলে কারখানার প্রোডাকশন ম্যানেজার শফিউল আলম আমান ক্ষিপ্ত হয়ে উঠেন। তিনি আব্দুর রবের সঙ্গে প্রচণ্ড দুর্ব্যবহার করেন এবং তার ছুটির আবেদন ছিড়ে ফেলেন। পরে বাধ্য হয়ে অসুস্থ শরীর নিয়েই কাজ করতে থাকেন রব। কিন্তু কাজে যোগ দেওয়ার ৩০ মিনিটের মধ্যেই কারখানার মেঝেতে লুটিয়ে পড়েন তিনি।

তারা জানান, রবকে স্থানীয় মাওনা চৌরাস্তা এলাকার আলহেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ জানায়, কর্তৃপক্ষের অবহেলায় আব্দুর রবের এই মৃত্যুর ঘটনায় শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দেয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করলে পুলিশ এসে কারখানার নিয়ন্ত্রণ নেয়। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানা একদিনের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত