‘ম্যায় হু সিম্বা… মুফাসা কা বেটা’ সদ্য রিলিজ হওয়া লাইভ অ্যাকশন সিনেমা ‘দ্য লায়ন কিং’-এর হিন্দি সংস্করণের টিজারে এই সংলাপ আওড়ালেন আরিয়ান খান। কিন্তু অনেকেই ভেবেছেন এটা শাহরুখ খানের গলা।
বাবা-ছেলের কণ্ঠের মিলই এখন আলোচনার বিষয় ভক্তদের কাছে। পাশাপাশি ভিডিওটি শেয়ার করে বলিউডের অনেক তারকা বিস্ময় প্রকাশ করেছেন।
টিজারটি টুইটারে শেয়ার করেন কিং খান। সেখানে ছেলেকে ‘মেরা সিম্বা’ বলে উল্লেখ করেন। মন্তব্যের ঘরে অনেকে লিখেছেন- তারা মনে করেছেন ডাব করেছেন শাহরুখ নিজেই। কেউ কেউ বলছেন- বাবা, ছেলের এত মিল কী করে হয়। আবার কারো কারো মতে, বিষয়টি ‘লোমহর্ষক’।
এ দিকে শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু প্রযোজক-পরিচালক করণ জোহর জানান, কোনো ধরনের স্বজনপ্রীতি ছাড়াই বলছেন- আরিয়ানের গলা অসাধারণ। এই নিয়ে তিনি উচ্ছ্বসিত।
এদিকে ছেলের পক্ষ থেকে এক টুইট বার্তায় সবাইকে ধন্যবাদ জানান শাহরুখ। বাবা-ছেলের কণ্ঠের মিল নিয়েও প্রশ্ন করেন।
ছবিতে মুফাসার জন্য কণ্ঠ দিয়েছেন শাহরুখ। তার ভাই ভিলেন স্কারের চরিত্র আশীষ বিদ্যার্থী, শ্রেয়াস তালপাড়ে ও সঞ্জয় মিশ্রকে শোনা যাবে যথাক্রমে সিম্বার বন্ধু টিমন ও পুম্বার চরিত্রে। এ ছাড়া জাজু চরিত্রে আছেন আসরানি।
‘দ্য লায়ন কিং’ এর ১৯৯৪ সালের সংস্করণের মতো এবারও ইংলিশ সংস্করণে কণ্ঠ দিয়েছেন অভিনেতা জেমস আর্ল জোনস। তাকে শোনা যাবে মুফাসা চরিত্রে। ডোনাল্ড গ্রোভার হয়েছেন সিম্বা। আর প্রেমিকা নালার কণ্ঠে পাওয়া যাবে গায়িকা বিয়ন্সকে।
জন ফেভ্যু পরিচালিত ডিজনির আলোচিত সিনেমাটি বিশ্বজুড়ে মুক্তি পাবে ১৯ জুলাই।
