মার্কিন হুমকি উপেক্ষা করে তুরস্কে রুশ এস-৪০০ ক্ষেপণাস্ত্র

আপডেট : ১২ জুলাই ২০১৯, ০৩:২৩ পিএম

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকির মধ্যেই রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ তুরস্কে পৌঁছেছে।

শুক্রবার এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সরঞ্জামের প্রথম চালান পাঠানো হয়েছে আঙ্কারায়।

আনাদলু জানায়, তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে। এস-৪০০ এর এই প্রথম চালান আঙ্কারার পাশেই একটি সামরিক ঘাঁটিতে নেওয়া হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম চালানটি ১২ জুলাই আঙ্কারার বিমান ঘাঁটিতে এসে পৌঁছে।

তুরস্কের সামরিক শক্তি বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তার জন্য রাশিয়া থেকে এ অস্ত্র কেনা হয়েছে বলে এতে জানানো হয়।

যুক্তরাষ্ট্রের নানা বাধা সত্ত্বেও দীর্ঘ প্রচেষ্টার পর তুরস্ক এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে সক্ষম হয়। রাশিয়ার থেকে এস-৪০০ না কিনে যুক্তরাষ্ট্র থেকে প্যাট্রিয়ট মিসাইল কেনার পরামর্শ দিয়েছিল ওয়াশিংটন।

ন্যাটোর ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনার সঙ্গে রাশিয়ার এস-৪০০ সংগতিপূর্ণ হবে না বলে দাবি করে মার্কিন কর্তৃপক্ষ।

এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনা হলে তুরস্কের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপেরও হুমকি দেয় ট্রাম্প প্রশাসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত