ফাইনালে ভারতীয়দের সমর্থন চান নিউজিল্যান্ড অধিনায়ক

আপডেট : ১২ জুলাই ২০১৯, ০৩:৫১ পিএম

প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জিততে নিউজিল্যান্ডের সামনে এখন একটাই বাধা। স্বাগতিক ইংল্যান্ড। শিরোপা নির্ধারণী লড়াইয়ে টিম ইন্ডিয়ার সমর্থকদের সমর্থন কামনা করেছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

ঐতিহাসিক লর্ডসে আগামী রোববার ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এই নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠল কিউইরা। গত আসরে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা স্বপ্ন ভাঙে তাদের।

গেল বুধবার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে সেমি-ফাইনালে ভারতকে কাঁদিয়ে ফাইনালে ওঠে নিউজিল্যান্ড। ম্যাচ শেষে যখন গ্যালারির দিকে হেঁটে যাচ্ছিলেন, তখন ভারতীয় সমর্থকদের ক্ষোভ ও হতাশা খুব কাছে থেকে দেখেছেন উইলিয়ামসন। তারপরও ফাইনালে প্রায় দেড়শো কোটি মানুষের ভারতের সমর্থন প্রত্যাশা তার।

ভারতের ছিটকে যাওয়া নিয়ে উইলিয়ামসন বলেন, “আশা করব, তারা খুব বেশি ক্ষুব্ধ হবেন না। ক্রিকেট নিয়ে ভারতে যে আবেগ দেখেছি, তার কোনও তুলনা বিশ্বে নেই। এ রকম একটা দেশের সব মানুষ যে তাদের দলের পিছনে থেকে সমর্থন করবে সেটাই স্বাভাবিক।”

ক্রিকেট নিয়ে ভারতীয়দের আবেগের সঙ্গে উইলিয়ামসন খুব ভালোভাবেই পরিচিত। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন তিনি। চ্যাম্পিয়নও হয়েছেন দলটির অধিনায়ক হিসেবে। দেশটির সমর্থকদের সেই সমর্থনটাই ইংল্যান্ডের বিপক্ষে চাইছেন নিউজিল্যান্ড অধিনায়ক।

“আশা করি, ভারতের প্রায় দেড়শো কোটি জনতাকে আমরা ফাইনালের জন্য আমাদের করে নেব। আর তারা আমাদেরই সমর্থন করবেন। কী মনে হয় আপনাদের?”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত