বরগুনা পৌর শহরের কলেজ রোড এলাকায় দিনের বেলায় প্রকাশ্যে শাহনেওয়াজ রিফাতকে (রিফাত শরীফ) কুপিয়ে হত্যার মামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার আরিয়ান শ্রাবনকে দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার পরিদর্শক(তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ন কবির।
শনিবার বিকাল ৫টার দিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মাদ সিরাজুল ইসলাম গাজী এ রিমান্ডের আদেশ দেন। এর আগে ১১ জুলাই রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে ১২ জুলাই তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
বরগুনা সদর থানার পরিদর্শক(তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ন কবির বলেন, রিফাত হত্যা মামলার জড়িত সন্দেহে গ্রেপ্তার আরিয়ান শ্রাবনকে দ্বিতীয় দফায় আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালতে বিচারক পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে।
রিফাত হত্যায় এপর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২ জুলাই ভোররাতে মামলার প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। এখন পর্যন্ত এজাহারভুক্ত তিনসহ সাত আসামি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
এ ঘটনায় বর্তমানে ছয়জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। তার স্ত্রী আয়েশা আক্তার মিন্নি হামলাকারীদের সঙ্গে লড়াই করেও তাদের দমাতে পারেননি। একাধারে রিফাতকে কুপিয়ে বীরদর্পে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে হামলাকারীরা। তারা চেহারা লুকানোরও চেষ্টা করেনি। গুরুতর আহত রিফাতকে এদিন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
