হুসেইন মুহম্মদ এরশাদের ইচ্ছা অনুযায়ী তাকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন তার সহধর্মিণী ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ।
দলীয় সূত্রে জানা গেছে, আজ বাদ জোহর এরশাদের প্রথম নামাজে জানাজা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে।
সোমবার সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা শেষে সেখান থেকে মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য নিয়ে যাওয়া হবে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে।
এদিন বাদ আছর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এ তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। রাতে এরশাদের মরদেহ রাখা হবে সিএমএইচ এর হিমঘরে।
পরদিন মঙ্গলবার হেলিকপ্টারযোগে এরশাদের মরদেহ গ্রামের বাড়ি রংপুরে নেওয়া হবে। সেখানে রংপুর জেলা স্কুল মাঠে/ ঈদগাহ মাঠে বাদ জোহর চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে। বিকেলে ঢাকায় সামরিক কবরস্থানে দাফন করা হবে সাবেক এই সেনাপ্রধানকে।
উল্লেখ্য, রোববার সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানীর ক্যান্টনমেন্টের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। প্রায় আট মাস ধরে অসুস্থ ছিলেন এরশাদ। গত ১০ দিন ধরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে ছিলেন এরশাদ।
এরশাদ বর্তমান সংসদে বিরোধীদলীয় নেতার দায়িত্বে ছিলেন। আওয়ামী লীগের আগের সরকারে তিনি প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্ব পালন করেছিলেন।
