সম্প্রতি ভারতের হায়দরাবাদের এক নারী সাংবাদিক অভিযোগ করেছেন, যৌনতার বিনিময়ে রিয়্যালিটি শো’ ‘বিগ বস’-এর ফাইনাল রাউন্ডে সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন।
ঘটনাটি ঘটেছে তেলুগু ‘বিগ বস’-এর নতুন সিজনকে কেন্দ্র করে। অনুষ্ঠানটির প্রিমিয়ার হবে ২১ জুলাই।
এমন প্রস্তাবের পর ওই নারী ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় অনুষ্ঠানটির কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এই ধারায় যৌনতার অভিপ্রায়ে নারীর ওপর বলপ্রয়োগের বিচার করা হয়।
ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, মার্চে ‘বিগ বস’ তেলুগুর তৃতীয় সিজনের জন্য আমন্ত্রণ পান তিনি।
বানজারা হিলসের পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার কে শ্রীনিবাস রাও বলেন, “উনি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানের চারজন সদস্যের সঙ্গে দেখা করতে যান। তার বিবৃতি অনুযায়ী, মিটিং চলাকালীন ওই চারজন সদস্য তার সঙ্গে অশালীন ব্যবহার করতে থাকে। জানতে চান অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে যাওয়ার জন্য তাদের বসকে ‘খুশি’ করতে পারবেন কিনা!”
সাংবাদিক বলেন, ”তারা আমাকে কোনোরকম চুক্তিপত্র দেননি এবং সোজা জানতে চান কীভাবে বসকে ‘খুশি’ করতে পারব। তারা আমার শরীর নিয়ে মন্তব্য করেন।”
অনুষ্ঠানটির এবারের সঞ্চালক হিসেবে থাকছেন নার্গাজুনা। প্রথম ও দ্বিতীয় সিজনে ছিলেন যথাক্রমে জুনিয়র এনটিআর ও নানি।
