প্লাঙ্কেটের জোড়া আঘাতে ফের চাপে কিউইরা

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ০৬:০১ পিএম

ওপেনার মার্টিন গাপটিল ফিরে গিয়েছিলেন দ্রুত। দলীয় ২৯ রানে প্রথম উইকেট হারিয়ে চাপে পড়েছিল নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় উইকেটে হেনরি নিকোলসের সঙ্গে ভালো জুটি উপহার দিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। দুজনের ৭৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় কিউইরা।

তবে ব্যক্তিগত ৩০ রান করে ফিরে গেছেন উইলিয়ামসন। ২২.৪ ওভারে দলীয় ১০৩ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। এরপর কিছু পরই ফিফটি করে ফিরে গেছেন নিকোলসও। দুজনকেই ফিরিয়েছেন লিয়াম প্লাঙ্কেট।

রোববার লর্ডসে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে ব্যাটিং বেছে নেয় টানা দ্বিতীয় ফাইনাল খেলা নিউজিল্যান্ড। গাপটিল ও নিকোলসের শুরুটা ছিল সাবধানী। শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলে বিশ্বকাপ শুরু করলেও পরের ম্যাচগুলোতে ব্যর্থ ছিলেন গাপটিল। পরের ৯ ইনিংসের মধ্যে একটিতেও ফিফটির দেখা পাননি ডানহাতি এই ব্যাটসম্যান।

এদিন থিতু হওয়ার দিকেই এগিয়ে যাচ্ছিলেন গাপটিল। কিন্তু বড় ইনিংস খেলার আগেই ফিরতে হয়েছে তাকে। ইংলিশ পেসার ক্রিস ওকসের করা সপ্তম ওভারের দ্বিতীয় বলটি ঠিকমতো খেলতে পারেননি গাপটিল। ব্যাট ফাঁকি দিয়ে বল আঘাত হানে প্যাডে। এলবিডব্লিউ হয়ে ফেরেন অভিজ্ঞ এই ব্যাটার। রিভিউ নিয়েও পার পাননি।

এর পর তিন নম্বরে নেমে উইলিয়ামসন জুটি বাঁধলেন নিকোলসের সঙ্গে। এই দুইয়ের ব্যাটে ২১.২ ওভারে এক শ পেরোয় কিউইরা। কিন্তু পরের ওভারেই লিয়াম প্লাঙ্কেটের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন উইলিয়ামসন। আম্পায়ার শুরুতে আউট না দিলেও রিভিউ নেয় ইংল্যান্ড। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত যায় তাদের পক্ষে।

নিকোলস আসরে নিজের প্রথম ফিফটি তুলে নিলেন। কিন্তু প্লাঙ্কেটের করা ২৭তম ওভারে বোল্ড ফিরতে হয় তাকে। ৭৭ বলে ৪ চারে ৫৫ রান করেছেন নিকোলস। ১১৮ রানে তৃতীয় উইকেটের পতন হয়েছে কিউইদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত