সোনাগাজীতে স্কুল ছাত্রী অপহরণ মামলায় ইব্রাহিম হোসেন রিয়াজ নামে এক প্রেমিককে শ্রীঘরে পাঠিয়েছে পুলিশ।
সোনাগাজী সরকারী মোহাম্মদ ছাবের পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে নিয়ে গত শুক্রবার বিকালে প্রেমিক একই গ্রামের মীর আহম্মদ বাড়ির হেলাল উদ্দিনের ছেলে ইব্রাহিম হোসেন রিয়াজ ঘর ছেড়ে পালিয়ে যায়।
প্রেমিকের বাবা হেলাল উদ্দিনের সহায়তায় সোনাগাজী মডেল থানা পুলিশ প্রেমিক যুগলকে শনিবার ঢাকার নবাবগঞ্জ থেকে আটক করে থানায় নিয়ে আসে।
রাতেই ছাত্রীর মা জোসনা বেগম বাদী হয়ে রিয়াজকে অভিযুক্ত করে সোনাগাজী মডেল থানায় অপহরণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলা রেকর্ডের পর রবিবার সকালে পুলিশ রিয়াজকে ফেনীর আদলতে প্রেরণ করেন।
একই সময়ে প্রিয়াকে জবানবন্দি রেকর্ডের জন্য সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন পুলিশ।
মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, একই এলাকার বসবাস করার সুযোগে রিয়াজ বিভিন্ন প্রলোভনে তার মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি জানতে পেরে বাদী তার মেয়েকে সম্পর্ক না রাখার জন্য বুঝাতে থাকে। একই সাথে রিয়াজকেও তার মেয়ের সাথে সম্পর্ক না রাখার জন্য কয়েকবার অনুরোধ করেন। এতে সে ক্ষিপ্ত হয়ে গত শুক্রবার বিকেলে তার মেয়েকে ফুসলিয়ে ইচ্ছার বিরুদ্ধে অপহরণ করে।
এদিকে অপহরণের মামলার পর রিয়াজ ও স্কুল ছাত্রীর (প্রিয়া) একাধিক যুগল ছবি যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ছবিতে তাদের অন্তরঙ্গ অবস্থায় অবস্থায় দেখা যাচ্ছে।
সোনাগাজী মডেল থানার ওসি মইন উদ্দিন জানান, প্রিয়ার মায়ের অভিযোগটি রেকর্ডের পর আসামি রিয়াজকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। স্কুল ছাত্রীর জবানবন্দি রেকর্ডের জন্য তাকে আদালতে হাজির করা হয়েছে।
