নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী ১৫ হাজার অবৈধ রিকশা ভেঙে ফেলবেন বলে জানিয়েছেন।
রোববার সকালে নগর ভবন প্রাঙ্গণে বাজেট ঘোষণার পর জনতার মুখোমুখি অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মেয়র আইভী।
মেয়র আইভী বলেন, ‘গরিব মানুষের রিকশাগুলো এনে ভেঙে ফেলতে আমার খুবই কষ্ট হয়। কিন্তু শহরকে যানজটমুক্ত রাখতে হলে এ ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমাদের সাড়ে ১০ হাজার বৈধ রিকশা আছে কিন্তু নারায়ণগঞ্জে রিকশা চলে প্রায় ২৫ হাজার।’
এ ছাড়া যানজট নিরসনে মেয়র আইভী দিনের বেলা শহরে ট্রাক প্রবেশ বন্ধ, অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ ও দিনের বেলা মাল খালাস বন্ধের আহ্বান জানান।
বাজেট ঘোষণায় মেয়র আইভী নারায়ণগঞ্জকে পরিবেশবান্ধব, সুস্থ, নিরাপদ ও দারিদ্র্যমুক্ত পরিকল্পিত নগর হিসেবে গড়ার লক্ষ্যে কাজের কথা জানান এবং উন্নয়নকাজ অব্যাহত রাখার স্বার্থে নিয়মিত কর পরিশোধের জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী এ এফ এম এহতেশামূল হকসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
