পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোয় কুমিল্লার তিতাস থেকে খোকন মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার মাছিমপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খোকন ওই গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
গতকাল সকালে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে ঘটনা তুলে ধরেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। তিনি বলেন, ‘পদ্মা সেতু তৈরিতে লক্ষাধিক মাথা লাগবে’ একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুজব প্রচার করে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ সরকারের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করছে। এ তথ্য কুমিল্লা জেলা পুলিশের নজরে আসার পর সাইবার ক্রাইম ইউনিট মনিটরিং শুরু করে।
খোকন মিয়া নামক ফেইসবুক আইডিতে গত ৬ জুলাই ‘মাথা কাটা থেকে সাবধান হুঁশিয়ার’ নামক শিরোনাম এবং গত ১০ জুলাই ‘একটি বিশেষ সংবাদ, মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিতে পদ্মা সেতু নির্মাণের লক্ষ্যে মানুষের মাথা খুব প্রয়োজন এবং মানুষের মাথা কেটে নেওয়া হচ্ছে’ শিরোনামে দুটি সংবাদ প্রচার করা হয়। তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হওয়ার পর খোকনকে গ্রেপ্তার করা হয়। ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান তিনি।
