মাহরেজের শেষ মুহূর্তের গোলে ফাইনালে আলজেরিয়া

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ০২:৪০ পিএম

ম্যাচের নির্ধারিত সময়ের খেলা ড্র। যোগ করা সময়ের শেষ মুহূর্তে দারুণ এক ফ্রি-কিকে নাইজেরিয়ার জালে বল জড়িয়ে বসলেন রিয়াদ মাহরেজ। তাতে আফ্রিকা নেশন্স কাপের ফাইনালে উঠেছে আলজেরিয়া।

রোববার রাতে মিশরের কায়রো আন্তর্জাতিক স্টেডিয়ামে সেমি-ফাইনালে শ্বাসরূদ্ধকর লড়াইয়ে শক্তিশালী নাইজেরিয়াকে ২-১ গোলে আলজেরিয়া। প্রথমার্ধে আত্মঘাতী গোলে এগিয়ে গেলেও ব্যবধান ধরে রাখতে পারেনি দলটি। দ্বিতীয়ার্ধে স্পট কিক থেকে সেন্টার ফরোয়ার্ড ওদিয়ন ইগালোর গোলে সমতা ফেরায় নাইজেরিয়া। ম্যাচের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আলজেরিয়াকে জয় এনে দেন ম্যানচেস্টার সিটির উইঙ্গার মাহরেজ।

১৯৯০ সালে প্রতিযোগিতাটির শিরোপা জয়ের পর এই প্রথম ফাইনালে উঠলো আলজেরিয়া। ফাইনালে তাদের প্রতিপক্ষ সেনেগাল। একই ভেন্যুতে আগামী শুক্রবার শিরোপার চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হবে দল দুটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত