খাঁচা থেকে বেরিয়ে গিয়ে শিম্পাঞ্জির তুলকালাম কাণ্ড (ভিডিও)

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ০৪:২৪ পিএম

খাঁচা থেকে বের হয়ে গিয়ে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দেয় এক শিম্পাঞ্জি। চীনের হেফেই ওয়াইল্ডলাইফ পার্কে এ ঘটনা ঘটে।

এনডিটিভি জানায়, শুক্রবার সকালে কোনোভাবে খাঁচা থেকে বের হয়ে আসে শিম্পাঞ্জিটি। এতে দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষের দিকে তেড়ে যায় প্রাণীটি। এমনকি পার্কের এক কর্মীকে লাথিও মেরে বসে এটি।

শিম্পাঞ্জিটি একপর্যায়ে পার্কের ভবনের ছাদে উঠে পড়ে। তবে তাৎক্ষণিক হাজির হওয়া পুলিশ চেতনানাশক বন্দুক ছুড়ে তাকে পরাস্ত করতে সক্ষম হয়। অজ্ঞান অবস্থায় অবশেষে শিম্পাঞ্জিকে খাঁচায় ফেরত আনা হয়।

ডেইলি মেইল জানায়, খাঁচার ভেতরে কোনোভাবে পড়ে যাওয়া বাঁশ বেয়ে এটি বাইরে চলে আসে।

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এতে দেখা যায়, কালো শিম্পাঞ্জিটি গেটের সামনে পার্কের এক কর্মীকে পেয়ে তার ওপরে হামলে পড়ে। ওই কর্মী পালিয়ে বাঁচতে চাইলে উড়ে গিয়ে তাকে লাথিও মারে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এতে দর্শনার্থীরা নিরাপদে ছিলেন। সবাই দ্রুত পার্কের গেইটের বাইরে চলে আসে। কারও কোনো ধরনের ক্ষতি হয়নি।

এর আগেও ২০১৬ সালে জাপানের একটি চিড়িয়াখানা থেকে একটি শিম্পাঞ্জি একইভাবে বেরিয়ে পড়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত