স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ০১:৫২ পিএম

কুষ্টিয়ায় ষষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রী অপহরণ ও ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত জাফিরুল ইসলাম ওরফে পালক (৩০) ঝিনাইদহ হরিনাকুন্ডু উপজেলার ভেড়াখালী গ্রামের মজিবর রহমানের ছেলে। 

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২১ জুলাই সন্ধ্যা ৭টায় কুষ্টিয়া সদর উপজেলার বলরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী বাড়ির পাশে কুমার নদে নিজেদের পোষা হাঁস তাড়িয়ে আনতে যায়। সেখান থেকে আসামি জাফিরুল ওই ছাত্রীকে জোরপূর্বক মুখে গামছা বেঁধে অপহরণ করে পাশের কলা বাগানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে।

এরপর গুরুতর আহত অবস্থায় সেখানে ওই ছাত্রীকে ফেলে রেখে পালিয়ে যায়। পরদিন সকালে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইনের দ:বি: ৯(১) এবং ৭ ধারায় অভিযোগ এনে যুবক জাফিরুল ইসলামের বিরুদ্ধে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ১২ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ কৌঁসুলি আকরাম হোসেন দুলাল জানান, চাঞ্চল্যকর এই মামলায় আসামি জাফিরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন পূর্বক আদালত দীর্ঘ সাক্ষ্য শুনানি করেন এবং আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় এই রায় দিয়েছেন আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত