পুলিশের সঙ্গে গোলাগুলির সময় ‘পানিতে ডুবে’ যুবকের মৃত্যু

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ০২:১৯ পিএম

পুলিশের সঙ্গে গোলাগুলির সময় রাজশাহীতে পদ্মা নদীতে ‘ডুবে’ এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন পদ্মানদীর পাঁচ নম্বর আই-বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে ৭৯ বোতল ফেনসিডিল, দেশীয় তৈরি একটি শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. আমিন (৩৫)। তার বাড়ি মহানগরীর উপকণ্ঠ হাড়ুপুর এলাকায়। আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের ৫টিসহ মোট ছয়টি মামলা রয়েছে। 

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে পদ্মা নদীর ধারে মাদক কেনাবেচা হবে। এই তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ৩টার দিকে পুলিশের একটি দল পদ্মা নদীর পাঁচ নম্বর আই-বাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গোলাগুলির পর পুলিশ নদীর কিনারায় পানির মধ্যে আমিনের দেহ পড়ে থাকতে দেখে।

পুলিশ তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারের সময় আমিনের শরীরে গুলির চিহ্ন পাওয়া যায়নি। এতে ধারণা করা হচ্ছে- গোলাগুলির সময় পদ্মার পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, এ ঘটনায় পুলিশের তিন উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী, রাশেদুল ইসলাম ও  মতিউর রহমান আহত হয়েছেন। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত