চাঁদা দাবি ও পরিবারের সদস্যদের গুমের হুমকির অভিযোগ করেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ। এ বিষয়ে খিলগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলে জানিয়েছেন তিনি। এদিকে তার ‘হুমকিদাতাকে’ চিহ্নিত করে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ। গতকাল মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
আনু মুহাম্মদ দেশ রূপান্তরকে বলেন, ‘গতকাল সকাল ১০টায় +৯১৮০১৭৮২২৭২৫ নম্বর থেকে নিজেকে সুব্রত বাইন পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন করেন। ওই ব্যক্তি নাকি শীর্ষ সন্ত্রাসী। কলকাতায় তার ছোট ভাইদের চিকিৎসার জন্য টাকা দাবি করে বলেন, না দিলে পরিবারের সদস্য গুমসহ কীভাবে টাকা আদায় করবেন, তা দেখে নেবেন।’
জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ এক বিবৃতিতে হুমকিদাতাকে গ্রেপ্তারে কার্যকর ব্যবস্থার দাবি জানিয়ে বলেন, ‘বিভিন্ন সময়ে সুব্রত বাইন ও অন্য চিহ্নিত সন্ত্রাসীদের নাম ব্যবহার করে অনেকের কাছে চাঁদা চাওয়া ও হুমকির খবর আমরা জানলেও এ চক্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই তারা বেপরোয়া হয়ে অধ্যাপক আনু মুহাম্মদের কাছে চাঁদা চাওয়ার সাহস দেখাচ্ছে।’ খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, ‘কেউ আমাকে ফোন দেয়নি বা তিনিও আসেননি। থানায় অবহিত করলে তার নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।’
