বয়সসীমা শিথিল করার দাবিতে সম্প্রতি বিক্ষুব্ধ ছাত্রদল নেতাদের ওপর চটেছেন লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি মনে করেন, ছাত্রদলের বিক্ষোভের ধরনটা ভালো হয়নি। এতে দল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যাপারে তার স্পষ্ট সিদ্ধান্ত, তাদের বিষয়ে কোনো
ছাড় নয়। এতে দলে, সংগঠনে চেইন অব কমান্ড থাকবে না। একই সঙ্গে ছাত্রদলের নতুন কমিটি গঠনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। গতকাল মঙ্গলবার নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের নতুন কমিটি গঠনের জন্য গঠিত সার্চ কমিটির একাধিক সদস্য এ কথা জানিয়েছেন।
এদিকে বিক্ষুব্ধ ছাত্রদল নেতারাও তাদের কাজের বিষয়ে অনুতপ্ত। দাবি না মানার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিলুপ্ত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজুর রহমান বলেন, যা মন চায় করুক। আমাদের কীসে মঙ্গল হবে তা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভালো বোঝেন। সেটা ওনার বিষয়।
তারা জানান, বিক্ষুব্ধ ছাত্রদল নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের সম্ভাবনা নেই। এ ব্যাপারে তারেক রহমানের অভিমতÑ এদেরকে মাফ করলে ভবিষ্যতে যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য কমিটি গঠনে যারা বিক্ষুব্ধ হবেন তারাও একই কাজ করতে পারেন। দলীয় শৃঙ্খলার কথা চিন্তা করে বিক্ষুব্ধ ছাত্রদল নেতাদের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন।
সার্চ কমিটির নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু গতকাল দেশ রূপান্তরকে বলেন, ছাত্রদলের নতুন কমিটি গঠনে তাদের নির্দেশনা দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সে অনুযায়ী নতুন কমিটি গঠনে শিগগিরই কাউন্সিলের তফসিল ঘোষণা করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে বিক্ষুব্ধ ছাত্রদল নেতা এজমল হোসেন পাইলট দেশ রূপান্তরকে বলেন, দল যেটা ভালো মনে করে তাই করুক। আন্দোলন করে একবার জাতির কাছে মাফ চেয়েছি। এখন আবার নতুন করে আন্দোলনে যাওয়াটা ভালো দেখায় না।
প্রসঙ্গত, রোজার ঈদের আগে ৩ জুন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে সংগঠনটির কাউন্সিল সম্পন্ন করার জন্য তিনটি কমিটি গঠন করা হয়। এর মধ্যে ১. নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করা হয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে। ২. বাছাই কমিটির প্রধান করা হয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনকে। ৩. আপিল কমিটির প্রধান করা হয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে। নির্বাচন পরিচালনা কমিটি গত ২৩ জুন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কাউন্সিলের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী গত ১৫ জুলাই কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু বিক্ষুব্ধদের আন্দোলনের মুখে কাউন্সিল স্থগিত রাখা হয়। এখন নতুন করে কাউন্সিলের তফসিল ঘোষণা করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক সার্চ কমিটির এক সদস্য গতকাল দেশ রূপান্তরকে বলেন, বয়সসীমা তুলে নিয়ে গতানুগতিকভাবে কমিটি গঠনের দাবিতে আন্দোলনরত বিলুপ্ত ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নেতাদের মধ্যে যারা আন্দোলন করেছেন তাদের কোনো দাবি মানা হবে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্চ কমিটির নেতাদের জানিয়েছেন, চেয়ারপারসন দীর্ঘদিন ধরে জেলে। তার মুক্তির আন্দোলন সেভাবে করতে পারেনি কেউ। তার ওপর আবার দাবি আদায়ে বিক্ষুব্ধরা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। বিএনপির জ্যেষ্ঠ নেতাদের অপমান করেছে। বিক্ষুব্ধরা দলের চেইন অব কমান্ড ভঙ্গ করেছে। তাদের কোনো ছাড় দেওয়ার বিষয়ে অনড় ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
সমঝোতা ছাড়াই বিক্ষুব্ধদের সঙ্গে বৈঠক শেষ : ছাত্রদলের কমিটি গঠন নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে গতকাল রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেছিলেন সার্চ কমিটির নেতারা। পরে সেখানে ডাকা হয় বিক্ষুব্ধ ছাত্রদল নেতাদের। বিক্ষুব্ধরা তাদের দাবিতে অটল থাকলে সমঝোতা ছাড়াই বৈঠক শেষ হয়। বৈঠক শেষে বিক্ষুব্ধ ছাত্রদল নেতা ইখতিয়ার কবির দেশ রূপান্তরকে বলেন, সমঝোতা ছাড়াই বৈঠক শেষ হয়েছে। তিনি বলেন, সার্চ কমিটির নেতারা তাদেরকে দলের দুঃসময়ে দলের সিদ্ধান্ত মেনে নেওয়ার অনুরোধ জানান। জবাবে তারা তাদের দাবি মানতে বলেন। এ অবস্থায় কোনো সিদ্ধান্ত না জানিয়ে সার্চ কমিটির নেতারা বৈঠক শেষ করেন।
