নেইমারের জন্য এখনো প্রস্তাব পাঠায়নি বার্সেলোনা

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ০১:২৪ পিএম

বেশ কয়েকদিন ধরে জোরালো গুঞ্জন, নেইমারকে পিএসজি থেকে ফিরিয়ে আনতে যাচ্ছে বার্সেলোনা। কিন্তু এ ব্যাপারে কাতালান ক্লাবটি প্যারিসের ক্লাবটিতে এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাঠায়নি বলে ইএসপিএনকে জানিয়েছে বেশ কয়েকটি সূত্র।

মঙ্গলবার স্পেনের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম খবর ছাপায় যে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারকে ফিরিয়ে আনতে পিএসজিকে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বার্সেলোনা। এই জন্য নাকি লিগ ওয়ান চ্যাম্পিয়নদের নাকি ৪ কোটি ইউরো ট্রান্সফার ফি প্রস্তাব দেওয়ার পাশাপাশি ফিলিপে কৌতিনিয়ো ও উসমানে দেম্বেলেকে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে।

আদতে নেইমারের ব্যাপারে দুই ক্লাবের মাঝে কিছুটা আলাপ-আলোচনা হলেও কোনো প্রস্তাব দেওয়া হয়নি বলে বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে সংবাদ ছাপিয়েছে ইএসপিএন সকার।

এ ব্যাপারে পিএসজি বার্সেলোনার প্রস্তাবের অপেক্ষায় আছে বলে জানা গেছে। নেইমারের বদলে  ট্রান্সফার ফির পাশাপাশি কাতালান ক্লাবটি থেকে খেলোয়াড়ও চাওয়া তাদের। ব্রাজিলিয়ান এই তারকা ফরোয়ার্ডের জন্য ট্রান্সফার ফির পরিমানটা এখনো জানায়নি ক্লাবটি। বার্সেলোনার কোন কোন খেলোয়াড়কে পিএসজি নিতে চায় সেটাও ঠিক করা হয়নি।

এ ব্যাপারে পিএসজির কোচ টমাস টুখেল বলেন, “আমরা সবকিছুর জন্য প্রস্তুত। আমাদেরকে নমনীয় হতে হবে। আমি তার (নেইমারের) সঙ্গে এ ব্যাপারে কথা বলতে চাই না। আমি শান্ত আছি। এটা ক্লাবের ব্যাপার। আমি হস্তক্ষেপ করব না। এটা আমার বিষয় না।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত