অধিভুক্ত কলেজ বাতিলের দাবিতে শাহবাগ অবরোধ ঢাবি শিক্ষার্থীদের

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ০৩:৩৫ পিএম

সাতটি সরকারি কলেজের অধিভুক্তি বাতিলসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

বুধবার দুপুর ১২টা থেকে ঢাবি শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বেলা ১১টা থেকে তারা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে স্লোগান দিতে দিতে তারা প্রথমে রাজু ভাস্কর্য এলাকায় এবং পরে শাহবাগ মোড় অবরোধ করেন।

আন্দোলনরতরা দাবি করেন, সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়ায় ঢাবি শিক্ষার্থীদের প্রশাসনিক কার্যক্রম ও একাডেমিক কার্যক্রমে ধীর গতি দেখা দিয়েছে। নিয়মিত পাঠদান, ফলাফল প্রকাশ ব্যাহত হওয়ায় সেশনজট সৃষ্টি হচ্ছে।

অধিভুক্ত কলেজগুলোর কারণে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচয় সংকটেও ভুগতে হতে পারে বলেও শঙ্কা আন্দোলনরতদের।

তারা ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকেই অধিভুক্তি বাতিলের দাবি তোলার পাশাপাশি এর আগে পর্যন্ত ভিন্ন রং ও নকশাসহ কলেজের নাম উল্লেখ করে সাত কলেজের শিক্ষার্থীদের আলাদা সার্টিফিকেট দেওয়ার দাবি জানান।

দুপুরের পরে আজকের মতো কর্মসূচি শেষ করে শিক্ষার্থীরা বলেন, তাদের বেঁধে দেয়া নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ায় তারা আন্দোলনে নেমেছেন। প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।

প্রসঙ্গত, খাতা মূল্যায়ন যথাযথ না হওয়ার অভিযোগে ও মানোন্নয়নের নিয়ম নিয়ে অসন্তোষ প্রকাশ করে মঙ্গলবার সাড়ে তিন ঘণ্টা নিউ মার্কেট মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

এর আগেও সেশনজট নিরসন, অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশসহ পাঁচ দফা দাবিতে তারা কয়েকবার আন্দোলনে নামলেও উপাচার্যের আশ্বাসে পরে তা স্থগিত করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত