নিজাম হাজারীর বিরুদ্ধে মামলার বাদীকে কুপিয়ে হত্যার চেষ্টা

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ০৭:২৩ পিএম

ফেনী পৌরসভার সাবেক কমিশনার ও জেলা যুবলীগের যুগ্ম  আহ্বায়ক এম. সাখাওয়াত হোসেনকে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

তিনি ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর সাজা কম খাটা নিয়ে দায়ের করা মামলার বাদী।

বুধবার দুপুরে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত তাকে জিম্মি করে ফেনীর মধুপুরের নিজবাড়ীর পাশে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করে।

পরে স্থানীয়রা তাকে পুলিশের সহায়তায় উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ২৫০ শয্যা ফেনী  জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের এম. সাখাওয়াত হোসেন বলেন, তিনি মঙ্গলবার ফেনীর আদালতে একটি মামলায় হাজিরা দিতে আসেন। সেখান থেকে বাড়িতে গেলে দুপুরে জোহরের নামাজের আগে ২০/২৫ জনের একদল অস্ত্রধারী দূর্বৃত্ত তাকে জিম্মি করে বাড়ির পাশে নিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করে।

তিনি জানান, এ সময় তার চিৎকারে আশপাশের লোক এগিয়ে এলে দূর্বৃত্তরা মৃত ভেবে ফেলে যায়। পরে স্থানীয় লোকজন খবর দিলে ফেনী মডেল থানার ওসি মো. আলমগীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা. রেদোয়ান হোসেন বলেন, রক্তাক্ত অবস্থায় তাকে জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত ও জখম রয়েছে। মাথা, মুখ, হাত ও পায়ের অবস্থা বেশি মারাত্মক।

ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এক সময়ের জয়নাল হাজারীর ঘনিষ্ঠ সহচর ও জেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক এম. সাখাওয়াত হোসেনকে সদ্য অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের সময়ও হত্যার চেষ্টা করা হয়েছিলো। পরে পুলিশ তাকে উদ্ধার করে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করে। ১০/১২ দিন আগে তিনি কারাগার থেকে মুক্তি পান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত