ট্রেনের ধাক্কায় ১১ জন নিহতের ঘটনায় ১ কোটি করে ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ০৮:২৯ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসে থাকা বর-কনেসহ ১১ জন নিহতের ঘটনায় প্রত্যেকের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

পাশাপাশি ওই দুর্ঘটনায় আহতদের প্রত্যেকের জন্য ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।  

রেল মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের মহাপরিচালক, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলিকে উদ্দেশ্যে করে বুধবার রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ  পাঠানো হয়। 

মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের  আইনজীবী হুমায়ুন কবির পল্লব। এ নোটিশ পাঠান।

নোটিশে সোমবারের ওই ঘটনায় ক্ষতিপূরণ চাওয়াসহ নতুন করে রেলের লেভেল ক্রসিং নির্মাণ, অবৈধ লেভেল ক্রসিং বন্ধ, রেলের গেটম্যানদের নিরাপত্তা নিশ্চিত এবং ট্রেনের ছাদে যাত্রী তোলা বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে নোটিশে উল্লেখিত বিষয়ে পদক্ষেপ গ্রহণ না করলে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে জানান আইনজীবী হুমায়ুন কবির পল্লব।

প্রসঙ্গত, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সোমবার একটি উন্মুক্ত রেল ক্রসিংয়ে ঢাকাগামী আন্তনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বর-কনে ও তাদের স্বজনদের বহানকারী একটি মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় বর রাজন আহমেদ (২২), করে সুমাইয়া খাতুন (২১) ও নারী শিশুসহ ১১ জন নিহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত