কংগ্রেসের চার নারী ডেমোক্র্যাট সদস্যকে উদ্দেশ্য করে ‘বর্ণবাদী মন্তব্য’ করায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিন্দা করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। ট্রাম্প ও রিপাবলিকান দলের যারা তার পক্ষ নিয়েছিলেন প্রতীকীভাবে তাদের লজ্জা দেওয়ার জন্য এ উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছে বিবিসি।
গত মঙ্গলবার সন্ধ্যায় প্রতিনিধি পরিষদে নিন্দা প্রস্তাবের ওপর ভোটাভুটিতে পক্ষে ২৪০ ও বিপক্ষে ১৮৭ ভোট পড়ে। মূলত পার্টি লাইনের ওপর ভিত্তি করেই এ ফল দাঁড়ায়।
ডেমোক্র্যাটদের মধ্যে বাম-ঘরানার হিসেবে পরিচিত ওই চার সংখ্যালঘু নারী প্রতিনিধির নাম উল্লেখ না করে রবিবারের টুইটে ট্রাম্প ‘যেসব ব্যর্থ ও অপরাধপ্রবণ দেশ থেকে তারা এসেছে, তাদের সেখানে চলে যাওয়ার’ পরামর্শ দিয়েছিলেন।
এ নিয়ে ব্যাপক সমালোচনামূলক প্রতিক্রিয়া দেখা দেয় এবং গত তিন দিন ধরে তা অব্যাহত থাকে। এ সময় রাজধানী ওয়াশিংটনে অন্যান্য বিষয় থেকে এ বিষয়টিই আলোচনায় প্রাধান্য পেলেও তা ট্রাম্পের সার্বিক জনপ্রিয়তায় তেমন কোনো প্রভাব ফেলেনি বলে রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের এক জরিপে লক্ষ করা গেছে। আগামী বছর ফের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প।
