‘সোনার বাংলায় সোনার মানুষ গড়ে তোলার লক্ষ্য’ নিয়ে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের কনিষ্ঠ সন্তান তানজিম আহমেদ সোহেল তাজ আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করবেন। বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবে তিনি নিজ বক্তব্য তুলে ধরবেন।
সোহেল তাজের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়েছে। ১৯ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, বাংলাদেশের একটি মানচিত্র দেয়ালে। সেখানে বেশ কয়েকটি ছোট কাগজ সাঁটানো। মানচিত্র থেকে হাত সরিয়ে বাইরে বের হওয়ার জন্য তৈরি হচ্ছেন আলোচিত রাজনীতিক সোহেল তাজ। এরপর লোগো লাগানো একটি হায়েস গাড়িতে করে বেরিয়ে পড়েন তিনি। পরে একটি বাড়ির সামনে গিয়ে নেমে পড়েন। সেই বাড়ির ফটক খুলে ঢুকে পড়েন তাজউদ্দীনপুত্র। ভবনের মূল দরজায় এসে ঠকঠক করে কড়া নাড়েন। সে সময় লেখা ভেসে ওঠে, ‘সোহেল তাজ আসছে আপনার দরজায়। আপনি রেডি তো?’ এখানেই শেষ হয় ভিডিওটি।
