কুষ্টিয়া মডেল থানায় কলেজ শিক্ষিকার শ্লীলতাহানি মামলায় একই কলেজের অধ্যক্ষের ১০ বছর কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- কুষ্টিয়া শহরের মিলপাড়ার বাসিন্দা চৌধুরী আব্দুল আলীর ছেলে এবং সৈয়দ মাছুদ রুমী কলেজের অধ্যক্ষ চৌধুরী নুরুদ্দিন মো. সেলিম ওরফে সজল চৌধুরী (৫২)।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৩০ মার্চ দুপুরে সৈয়দ মাছুদ রুমী কলেজের মহিলা কমন রুমের ওয়াস রুম সেরে বেরুনোর সময় আসামি কলেজের অধ্যক্ষ চৌধুরী নুরুদ্দিন মো. সেলিম ওরফে সজল চৌধুরী জোরপূর্বক এই শিক্ষিকার শ্লীলতাহানি ঘটান। এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা নিজেই বাদী হয়ে ৭ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইনের দ:বি: ১০ ধারায় অভিযোগ এনে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৪ সালের ১৩ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ কৌঁসুলি আকরাম হোসেন দুলাল জানান, কুষ্টিয়া মডেল থানার চাঞ্চল্যকর শিক্ষিকার শ্লীলতাহানির দায়ে একই কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে করা মামলাটি চার্জ গঠন পূর্বক আদালত দীর্ঘ সাক্ষ্য শুনানি করেন এবং আসামির বিরুদ্ধে আনীত নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইনের দ:বি: ১০ ধারায় আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছর কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছন আদালত।
