সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি অবনতি

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ০৬:২৬ পিএম

গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে।

উপজেলার যমুনা, করতোয়া ও বড়াল নদীর পানি আরো বৃদ্ধি পেয়েছে। ফলে যমুনার চর এলাকা সহ পৌর এলাকার দ্বারিয়াপুর নতুনপাড়া, পোতাজিয়া ইউনিয়নের কাকিলামারি নিশিপাড়ার বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে।

কাকিলামারি গ্রামের আব্দুল আউয়াল আকন্দ (৪৫) ও তার স্ত্রী চায়না খাতুন (৪০) জানান, বন্যার পানিতে তাদের বাড়িঘর ডুবেছে ৫ দিন ধরে। চুলা ডুবে যাওয়ায় বাড়িতে রান্না হচ্ছে না। পাশের গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে দিনে একবার রান্না করে এনে কোনোরকমে দিন কাটিয়ে যাচ্ছেন। নলকূপ ডুবে গেছে। ফলে খাবার পানিও আনতে হয় আরেক গ্রাম থেকে।

একই গ্রামের কিশোর মোন্নাফ (১৪) ও নাঈম (১৩) বলেন, বাড়িঘর বন্যার পানিতে ডুবে গেছে। ঘরে খাবার নাই। তাই মাছ ধরা নৌকা দিয়ে মানুষ পাড় করছি। সারাদিনে যা আয় হবে তা দিয়ে বাজার করব। তবেই সবার খাওয়া হবে।

শাহজাদপুর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সচিব জিন্দার আলী জানান, শাহজাদপুর উপজেলার ১৩ টি ইউনিয়ন ও একটি পৌরসভার সার্বিক বন্যা পরিস্থিতির বেশ কিছুটা অবনতি হয়েছে। বিশেষ করে খুকনি, জালালপুর, কৈজুরী, সোনাতনি, গালা, রুপবাটি ও পোরজনা এই ৭টি ইউনিয়নের নিম্নাঞ্চল বেশি প্লাবিত হয়েছে।

তিনি জানান, বন্যায় এ সকল ইউনিয়নে এ পর্যন্ত ৪ হাজার ৫০০ পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। এ সকল পরিবারের মাঝে ইতিমধ্যেই ৪০০ প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে।  অপরদিকে কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত