গাইবান্ধাকে বন্যাদুর্গত এলাকা ঘোষণার দাবিতে সমাবেশ

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ০৮:৩৪ পিএম

গাইবান্ধাকে বন্যাদুর্গত এলাকা ঘোষণা করে পর্যাপ্ত ত্রাণ সরবরাহের দাবিতে ও বাধ ভাঙার জন্য পাউবোর দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

দুপুরে শহরের এক নম্বর রেলগেটের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিবি রোডের আসাদুজ্জমান মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।

সেখানে সিপিবি জেলা শাখার সম্পাদকমণ্ডলীর সদস্য মাহমুদুল গনি রিজনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা শাখার সভাপতি মিহির ঘোষ।

সমাবেশে তিনি বলেন, গাইবান্ধায় বন্যা পরিস্থিতির যে অবস্থা তাতে করে বন্যাদুর্গত এলাকা ঘোষণা করতে হবে। অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার ভয়াবহ রূপ নিয়েছে বন্যা। বন্যা কবলিতদের সকল ধরনের সহযোগিতা করতে হবে সরকারকে। একটি মানুষও যেন একবেলা না খেয়ে থাকে তা নিশ্চিত করতে হবে। যুগ যুগ ধরে এদেশের মানুষ বন্যা কবলিতদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু সম্প্রতি গাইবান্ধায় সেই কাজে বাঁধা দিয়ে জঘন্য দৃষ্টান্ত স্থাপন করেছে প্রশাসন।

সেই সাথে ক্ষতিগ্রস্ত বন্যা কবলিত মানুষের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদি কার্যক্রম শুরুর জোর দাবি জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত