দুপুরে শিক্ষকের বেত্রাঘাত, সন্ধ্যায় ছাত্রের ‘আত্মহত্যা’

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ১২:৩০ এএম

কুমিল্লা আদর্শ সদর উপজেলায় শিক্ষকের বেত্রাঘাতে অপমান বোধ করে এক ছাত্র আত্মহত্যা করেছে বলে অভিযোগ করেছে সহপাঠীরা।

গত বুধবার নিজ ঘর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। নাঈম হোসেন নামের ওই কিশোর আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউপি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

বেত্রাঘাতকারী শিক্ষক মিজানুর রহমান পলাতক। এ ঘটনায় উত্তেজনা দেখা গেছে স্থানীয়দের মধ্যে।

নাঈম হোসেন ওই উপজেলার বল্লভপুর গ্রামের প্রবাসী আমির হোসেনের ছেলে। তার সহপাঠীরা জানায়, গত বুধবার স্কুলে ক্লাস চলাকালে নাঈমসহ আরও তিন শিক্ষার্থী কালির বাজারের সেলুনে চুল কাটতে যায়। চুল কেটে দুপুরে শ্রেণিকক্ষে ফেরত এলে প্রধান শিক্ষক মিজানুর রহমানের কানে যায় বিষয়টি। পরে নাঈমসহ তিনজনকে বেত্রাঘাত করেন মিজানুর। তিনি নাঈমের অভিভাবককে স্কুলে ডেকে এনে অপমান করেন ও নাঈমকে স্কুল থেকে বহিষ্কারের হুমকি দেন। প্রধান শিক্ষকের এমন হুমকি সহ্য করতে না পেরে সন্ধ্যায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ছাত্রটি।

এ বিষয়ে কুমিল্লার নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান রুবেল বলেন, ‘স্কুলে শাসন করায় সে আত্মহত্যা করেছে বলে জেনেছি। নিহত ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত