সাভারে ঘুমের ঔষধ খাইয়ে স্বামীর লিঙ্গ কর্তন, স্ত্রী আটক

আপডেট : ২০ জুলাই ২০১৯, ১০:৪৩ পিএম

সাভারে পারিবারিক কলহের জেরে স্বামীকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করে তার পুরুষাঙ্গ কেটে দিয়েছে স্ত্রী। এঘটনায় অভিযুক্ত গৃহবধূকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে সাভার পৌর এলাকার ওয়াপদা রোড মালঞ্চ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটেছে।

আটক গৃহবধূর নাম খাদিজা বেগম (২৭)। সে বরিশাল জেলার কোতোয়ালি থানার সদরপুর গ্রামের বশির আহম্মেদের স্ত্রী। ভুক্তভোগী বশির আহম্মেদ (৩৮) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

থানা পুলিশ জানায়, গত কয়েক দিন যাবৎ মোবাইল ফোনের হারানো একটি সিম নিয়ে বশির ও তার স্ত্রীর খাদিজার মধ্যে কলহ চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার দিবাগত রাত দুই টার দিকে বশিরকে খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে ঘুমন্ত অবস্থায় তার পুরুষাঙ্গ কেটে দেয় তার স্ত্রী খাদিজা বেগম।

এ সময় তাদের চার বছরের মেয়ে নুসাইবাকে রেখে কৌশলে বাসা থেকে পালিয়ে যায় ওই গৃহবধূ। পরে ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন তাকে স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় শনিবার ভুক্তভোগীর ভাই আব্দুস সালাম বাদী হয়ে সাভার থানায় মামলা দায়ের করেছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ তরিকুল ইসলাম বলেন, পারিবারিক কলহরে জেরে বৃহস্পতিবার দিনগত রাত দুই টার দিকে সাভারের ওয়াপদা রোডে মালঞ্চ আবাসিক এলাকায় একটি ভাড়া বাসায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কর্তন করে তার স্ত্রী। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, স্বামীর পুরুষাঙ্গ কর্তনের ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে সাভারের বনপুকুর এলাকা থেকে গৃহবধূ খাদিজাকে আটক করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত