ভারতের কংগ্রেস দলীয় বর্ষীয়ান নেত্রী ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত গতকাল শনিবার মারা গেছেন বলে জানিয়েছে এনডিটিভি। শনিবার দিল্লির বেসরকারি হাসপাতাল এসকোর্টসে স্থানীয় সময় বিকেল ৩টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে হাসপাতাল কর্র্তৃপক্ষ। তার বয়স হয়েছিল ৮১ বছর। টানা তিন মেয়াদে সবচেয়ে বেশি দিন ধরে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দিল্লির কংগ্রেসদলীয় প্রধান ছিলেন। চলতি বছরের জানুয়ারিতে এ দায়িত্ব নিয়েছিলেন তিনি। দীক্ষিতের মৃত্যুসংবাদে শোকসংবলিত টুইট করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, ‘কংগ্রেসের স্নেহভাজন কন্যা শিলা দীক্ষিতের মৃত্যুসংবাদ শুনে আমি বিধ্বস্ত হয়ে পড়েছি। তার সঙ্গে আমার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।’
