কর্তব্যরত অবস্থায় কাভার্ডভ্যান চাপায় ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়া মিকেল’র নিহতের ঘটনায় চালকের সর্বোচ্চ শাস্তিসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী। গতকাল বেলা ১১টার দিকে মির্জাগঞ্জের সরকারি সুবিদখালী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক গাজী আতহার উদ্দীন আহমদ, ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল, দুমকি উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. হারুন অর রশীদ, মিকেলের বাবা প্রফেসর ইউনুস আলী সরদার প্রমুখ বক্তব্য দেন। এ সময় তারা চালক জলিল সিকদারের সর্বোচ্চ শাস্তি ফাঁসি প্রদান, রাষ্ট্র কর্র্তৃক সার্জেন্ট মিকেলের সন্তান ও পরিবারের দায়িত্বগ্রহণ, দুর্ঘটনাস্থলে তার নামে পুলিশ বক্স নির্মাণ, গাড়ির নির্দিষ্ট গতিসীমা নিয়ন্ত্রণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
গত ১৫ জুলাই দুপুর ১২টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কে দায়িত্ব পালনকালে বেপরোয়া একটি কাভার্ডভ্যান চাপায় আহত হন গোলাম কিবরিয়া মিকেল। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
