নিজের পিস্তলের গুলিতে নিজেই বিদ্ধ ছাত্রলীগ নেতা মেশকাত

আপডেট : ২০ জুলাই ২০১৯, ১১:৫৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্যসেন হলে নিজের গুলিতে আহত হয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-প্রশিক্ষণ সম্পাদক মেশকাত হোসেন। 

শনিবার রাত সাড়ে ৭টার দিকে সূর্যসেন হলের হল গেটে নিজের গুলিতে তিনি আহত হন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। 

সূত্র জানায়, মেশকাত সন্ধ্যার দিকে সূর্যসেন হল গেটে সে তার বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিল। হঠাৎ একটি বিকট শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে মেশকাতের ডান পায়ের হাঁটু  থেকে রক্ত বের হতে দেখতে পায়। তখন মেশকাত হোসেন তার পকেটে থাকা পিস্তল বের করে আবার পকেটে রাখেন। 

তার ঘনিষ্টরা জানান, মেশকাত সবসময় তার সঙ্গে অস্ত্র বহন করেন। তার লোড করা পিস্তল আনলক করা ছিল। অসাবধানতায় চাপ পড়ে তার পকেট থেকে গুলি বের হয়ে নিজের পায়ে লাগে। 

ঘটনাস্থলটি সিসিটিভি ক্যামেরার আওতায় ছিল। সিসিটিভি ফুটেজ দেখতে সূর্যসেন হলের গেটে থাকা নিরাপত্তা রক্ষীকে জিজ্ঞাসা করলে তারা বলেন, সিসিটিভি ফুটেজ দেখানোর কিছু আমাদের কাছে নেই। সিসিটিভি দেখতে হল প্রাধ্যক্ষের অনুমতি নিতে হবে।

গুলিবিদ্ধ হওয়ার পর ঘটনাস্থলে মেশকাতের রক্ত পরে থাকতে দেখা গেছে। আহত ছাত্রলীগ নেতা মেশকাতের বিরুদ্ধে আগেও অস্ত্র ব্যবহার ও অস্ত্র বহনের অভিযোগ রয়েছে। চুরির দায়ে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হয়েছিলেন তিনি।

এ বিষয়ে সূর্যসেন হলের ভিপি মারিয়ান জামান খান সোহান বলেন, আমি এ মুহুর্তে কিছু বলতে পারছি না তিনি মেডিকেলে আছে। আমরা দেখতে আসছি। 

এ বিষয়ে সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মকবুল হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। ঠিকমতো আমি জানি না। আমি একজন হলের শিক্ষককে ঢাকা মেডিকেলে বিষয়টি জানার জন্য পাঠিয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত