কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক মামলার এক আসামি নিহত হয়েছে। রবিবার ভোরে টেকনাফের হোয়াইক্যং পশ্চিম সাতঘরিয়া পাড়া পাহাড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ২টি এলজি বন্দুক, ৯ রাউন্ড কার্তুজ, ১২ রাউন্ড কার্তুজের খোসা ও ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। নিহত মো. হোছন (৩৯) হোয়াইক্যং পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকার মৃত আনু মিয়ার ছেলে।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাস জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি এবং ৬ মামলার পলাতক আসামি মো. হোছনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে তিনি ইয়াবা মজুদের কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যমতে হোয়াইক্যং পশ্চিম সাতঘরিয়া পাড়া শিয়াইল্যা ঘোনা নামক পাহাড়ের পাদদেশে তাদের গোপন আস্তানায় অভিযান চালায় পুলিশ।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আগে থেকে ওৎপেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এ সময় পুলিশের ৩ সদস্য আহত হয়। পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে হোছন গুলিবিদ্ধ হন।
গোলাগুলির শব্দ শুনে ঘটনাস্থলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে অস্ত্রধারী মাদক কারবারিরা পালিয়ে যায়। ঘটনাস্থলে তল্লাশী করে ২টি এলজি, ৯ রাউন্ড কার্তুজ, ১২ রাউন্ড কার্তুজের খোসা এবং ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
গুলিবিদ্ধ মো. হোছনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।
কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
