কুমিল্লায় ছেলেধরা সন্দেহে নারীসহ ৩ জনকে গণপিটুনি

আপডেট : ২১ জুলাই ২০১৯, ০৭:৫৭ পিএম

কুমিল্লায় ছেলেধরা সন্দেহে মহিলাসহ তিন ব্যক্তিকে গণ পিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কুমিল্লা কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ।

রবিবার সকাল সাড়ে ১০ টায় কুমিল্লা জেলার সদর উপজেলার আমড়াতলি ইউনিয়নের ধুতিয়া দিঘির পাড় এলাকায় এই ঘটনা ঘটে।

এ সময় উদ্ধার করা হয়, আব্দুস সালাম (৭৫) রত্না বেগম (৪০) ও আনোয়ার হোসেন (৩০)। সকলেই কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বেজোড়া গ্রামের বাসিন্দা বলে জানায় পুলিশ।

আমড়াতলি ইউপি চেয়ারম্যান মো. কাজী মোজাম্মেল হক জানান, রবিবার সকালে ওই তিন ব্যক্তি জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বেজোড়া গ্রাম থেকে আমড়াতলি স্কুলের সামনে আসেন। পাশের একটি বাড়ির সামনে গিয়ে একটি ছোট শিশুকে ডাক দিলে ছেলেধরা সন্দেহে মহিলাসহ ওই তিন বয়স্ক ব্যক্তিকে এলাকাবাসী আটক করে এবং গণ পিটুনি দেয়।

দ্রুত পুলিশ ঘটনাস্থলে এসে আহত অবস্থায় তাদের উদ্ধার করে নিয়ে যায়। কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত ওসি মো. সালাউদ্দিন জানান, সন্দেহজনক ভাবে তিন ব্যক্তিকে আটক করে স্থানীয়রা, খবর পেয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসি। ছেলেধরা কিনা তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ছত্রখিল পুলিশ ফাঁড়ির এস আই তপন কুমার বাকচী জানান, ধুতিয়া দিঘির পাড় ছেলেধরা সন্দেহে মহিলাসহ তিন ব্যক্তিকে গণপিটুনি দেয় স্থানীয়রা, খবর পেয়ে দ্রুত তাদের উদ্ধার করি। পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত