স্ত্রী ময়ুরীকে হত্যা করে পালিয়েছেন কৃষকলীগ নেতা

আপডেট : ২১ জুলাই ২০১৯, ১১:৩৪ পিএম

বগুড়ার নন্দীগ্রামে ময়ুরী বেগম (২৬) নামে এক গৃহবধূকে হত্যা করে পালিয়েছে তার স্বামী মাসুদ রানা।

পলাতক রানা নন্দীগ্রাম পৌর কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ার কারণে ময়ুরীকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার।

শনিবার ভোররাতে নন্দীগ্রাম পৌর এলাকার কলেজ পাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। থানা পুলিশ বেলা ১১টায় মরদেহ উদ্ধার করে। পরে লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত ময়ুরীর বাবা আনোয়ার হোসেন অভিযোগ করেন, মাসুদ রানা বেশ কিছুদিন ধরে পরকীয়া চালিয়ে আসছিল। বিষয়টি তার মেয়ে জানার পর থেকে তাদের দাম্পত্য কলহ শুরু হয়।

শনিবার রাতে ওই ঘটনায় আবারও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে মাসুদ ফোন করে  তাকে(আনোয়ার) হুমকি দেয় রাতেই ময়ুরীকে মেরে ফেলবে। রবিবার সকালে তিনি খবর পান মেয়েকে রাতেই হত্যা করা হয়েছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবার ওই ঘটনায় মামলা করবে বলে পুলিশকে জানিয়েছে। ঘটনার পর থেকে ময়ুরীর স্বামী নন্দীগ্রাম পৌর কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা ও তার বাবা উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ওসমান ফকিরসহ পরিবারের সবাই আত্মগোপন করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত