রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগ তুলে বিচার দাবি করেছেন অভিভাবকরা। গতকাল রবিবার স্কুলটির মুগদা শাখার সামনে মানববন্ধন করে এ দাবি জানান। পাশাপাশি ৭২ ঘণ্টার মধ্যে আবদুস সালাম মিয়া নামের ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে সভাপতির কার্যালয় ঘেরাও করার হুঁশিয়ারিও দেন তারা।
মানববন্ধনে বলা হয়, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মুগদা শাখার এক শিক্ষিকাকে একই প্রতিষ্ঠানের শিক্ষক আবদুস সালাম মিয়া ‘কুপ্রস্তাব দেন’ এবং তাতে রাজি না হওয়ায় নানাভাবে তাকে যৌন হয়রানির চেষ্টা করেন। এর বিচার পেতে ওই শিক্ষিকা লিখিতভাবে অধ্যক্ষকে অভিযোগ জানান। এর ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে একই প্রতিষ্ঠানের অন্য শাখায় বদলি করা হয়েছে। অভিভাবকরা বলেন, শিক্ষিকাকে যৌন হয়রানির বিচার বদলি হতে পারে না। এ সময় তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত শিক্ষক আবদুস সালাম মিয়ার চাকরিচ্যুতি, গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় গভর্নিং বডির সভাপতির কারওয়ানবাজারের কার্যালয় ঘেরাওয়ের আল্টিমেটাম দেন।
বক্তারা আরও বলেন, ‘বারবার এই শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানির ঘটনা ধামাচাপা দেওয়া হচ্ছে। দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়ার কারণে এখন শিক্ষকদের যৌন হয়রানির উৎসব চলছে। এর আগে মুগদা শাখার শিক্ষক আক্তারুজ্জামান এক ছাত্রীকে নির্যাতন করলে তাকে শুধু প্রভাতি থেকে দিবা শাখায় বদলি করে ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছে।’’’
