সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় সালেপুর ব্রিজ থেকে একটি ট্যাক্সিক্যাব নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে পড়ে গেছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। তবে প্রাথমিকভাবে ঘটনাস্থলে গাড়িটি পড়ে যাওয়ার কোনো চিহ্ন দেখতে পারছেন না তারা।
এছাড়া নদীতে স্রোত বেশি হওয়ায় ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার্স থেকে ডুবুরিদল আসার জন্য খবর দেয়া হয়েছে। ডুবুরি দল আসলেই শুরু হবে উদ্ধার কাজ জানিয়েছেন ফায়ার সার্ভিসের জোন কমান্ডার চার এর কমান্ডার আনোয়ারুল হক।
ট্রাফিক পুলিশের আমিনবাজার বক্সের ইনচার্জ কামরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে সড়কে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আমরা নিশ্চিত হয়েছি যে একটি হলুদ রঙের ট্যাক্সিক্যাব সাভার থেকে ঢাকা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে আমিনবাজার তুরাগ সেতুর পাশ দিয়ে নদীতে পড়ে যায়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়। তবে সোমবার সকাল পর্যন্ত ট্যাক্সিক্যাবের কোনো হদিস পা্ওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী আইসিএস বিজনেস গ্রুপের আমিনবাজার সাইড অফিসে কর্মরত জসিম উদ্দিন জয় বলেন, রাত আটটার দিকে আমি অফিস থেকে বের হয়ে রিকশাযোগে আমিনবাজার যাচ্ছিলাম। হঠাৎ দেখি দ্রুত গতিতে সাভার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি হলুদ রঙের ট্যাক্সিক্যাব ওপর একটি বাসের সামনে দিয়ে উড়ে গিয়ে তুরাগ নদীতে পড়ে। এ সময় আমিসহ আরো কয়েকজন বিষয়টি দেখেছি।
যাত্রীবাহী ট্যাক্সিক্যাব তুরাগ নদীতে পড়ে যাওয়ার খবর শুনে পথচারী ও স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করছে।
