মোনেম মুন্না নামটা পড়ে? বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কোচ অটো ফিস্টার যাকে বলেছিলেন, ‘হি ওয়াজ মিসটেকেইনলি বর্ন ইন বাংলাদেশ!’ ঢাকার ফুটবলে এই মুন্নাকে ‘ভুল’ করে জন্ম দেওয়া সেই পাইওনিয়ার লিগ এখন কেমন আছে? শেষ দুই বছর হয়নি। এবারও লাইফ-সাপোর্টে!
শুধু মুন্না নয়; বাংলাদেশের ফুটবলকে আলোকিত করা আরো অনেকের জন্ম হয়েছে এই ঢাকা পাইওনিয়ার ফুটবল লিগ থেকে। তাদের মধ্যে অন্যতম রুম্মন বিন ওয়ালি সাব্বির, সম্রাট হোসেন এমিলি, ইমতিয়াজ আহমেদ নকিব, জুয়েল রানা, আলফাজ আহমেদ, মাসুদ রানা…।
অবাক করার বিষয় হলো এমন ‘সোনার ডিম পাড়া’ এই টুর্নামেন্টটি শেষবার হয়েছে ২০১৭ সালের নভেম্বরে। অথচ ৮০টির মতো ক্লাবের প্রায় দুই হাজার ফুটবলার এখানে অংশ নেওয়ার জন্য দিন গুনতে থাকে। এখান থেকেই ঢাকার ফুটবলের নামী ক্লাবগুলোতে খেলার যে পথ, সেটি তৈরি হয় তরুণদের।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের দ্বিতীয় মেয়াদে টুর্নামেন্টটি নিয়মিত হয়েছে। কিন্তু তৃতীয় মেয়াদে এসে তিন বছরের মধ্যে মাত্র একবার আয়োজন করতে পেরেছেন।
২০১৯-২০২০ মৌসুমে জুন এবং জুলাইয়ে লিগটি হওয়ার কথা ছিল। সেই কথা এখনো পর্যন্ত ‘কথা’ই রয়ে গেছে। লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান অমিত খান শুভ্র জানিয়েছেন ঈদুল আজহার পর তারা ‘বসবেন’!
‘ক্লাবগুলোর সঙ্গে আমরা ঈদুল আজহার পর বসব। এরপর ঢাকায় ভেন্যু খোঁজা শুরু করতে হবে। তারপর লিগ আয়োজন হবে।’
শুভ্র বলেন, ‘জাতীয় নির্বাচনের কারণে গত বছর আমরা লিগটি আয়োজন করতে পারিনি। কিন্তু এ বছর করা হবে। আমরা অনূর্ধ্ব-১৫ ফুটবলারদের নিয়ে করতে চাচ্ছি, যাতে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ এবং এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ কোয়ালিফায়ারের জন্য ফুটবলার বাছাই করা যায়।’
কিন্তু শুভ্রর কথা বিশ্বাস করতে চান না সাবেক এক নামকরা ফুটবলার। নাম প্রকাশ না করার শর্তে বললেন, ‘তাদের আবার প্রতিশ্রুতি। খেলা শেষ পর্যন্ত মাঠে গড়ালেও যাচ্ছেতাইভাবে হবে!’
