চাঁদপুরে স্কুলশিক্ষিকা হত্যার বিচার দাবি

আপডেট : ২২ জুলাই ২০১৯, ১০:০৮ পিএম

চাঁদপুরে স্কুলশিক্ষিকা জয়ন্তী চক্রবর্তী হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁদপুর-কুমিল্লা সড়কে এ মানববন্ধন হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে চাঁদপুর সদর উপজেলার সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে জয়ন্তী চক্রবর্তী হত্যার ঘটনায় গতকাল দুপুরে তার স্বামী অলক গোস্বামী বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় আসামিদের নাম অজ্ঞাত উল্লেখ করা হয়েছে।

গতকালের মানববন্ধনে বক্তব্য দেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিনয় ভূষণ মজুমদার, সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফররুখ আহমেদ, জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ওমর ফারুক, ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল বাবুল, বিষ্ণুপুর আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খোদেজা বেগম লাকি, হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসমত আরা সাফি বন্যা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত