বুলডোজার দিয়ে ফিলিস্তিনিদের ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল

আপডেট : ২২ জুলাই ২০১৯, ১০:৩৭ পিএম

অধিকৃত পশ্চিম জেরুজালেমে ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনিদের বিক্ষোভ ও আন্তর্জাতিক সমালোচনাকে উপেক্ষা করে সোমবার এই সব ঘরবাড়ি ও স্থাপনা ভাঙতে শুরু করে ইসরায়েল।

তুরস্কের সংবাদমাধ্যম আনাদলু জানায়, কয়েকশ ইসরায়েলি সেনা বুলডোজার দিয়ে সুর বাহের এলাকায় ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দেয়।

এক বাসিন্দা জানান, ৩৫০ ফিলিস্তিনির বসবাস ছিল এসব বাড়িঘরে। যাদের অর্ধেকই ছিল শিশু ও কম বয়েসি ছেলেমেয়ে।

আরেক বাসিন্দা রয়টার্স জানান, আগের দিন রাত দুইটা থেকে লোকজনকে জোর করে বাড়িঘর থেকে বের করে দেওয়া হয় এবং সেগুলো গুঁড়িয়ে দেওয়ার জন্য ইসরায়েলি বাহিনী বিস্ফোরক দ্রব্য পোঁতা শুরু করে।

ইসরায়েলি বাহিনী এলাকাটিকে সামরিক জোন হিসেবে ঘোষণা দিয়েছে। গত শনিবার এর বিরুদ্ধে ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভ নামে এর বাসিন্দারা। একইভাবে আন্তর্জাতিক সংগঠনগুলো উদ্বেগ জানায়।

জাতিসংঘের মানবকল্যাণ বিষয়ক সমন্বয়কারী জেমি ম্যাকগোল্ডরিকসহ একাধিক জাতিসংঘ কর্মকর্তারা ফিলিস্তিনের স্থাপনা ভাঙার পরিকল্পনা থেকে সরে আসার জন্য ইসরায়েল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

একইভাবে ইউরোপীয় ইউনিয়ন এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের চলমান এমন পদক্ষেপ দুই দেশের সংকট সমাধান ও শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত