মসজিদের বালু চুরির প্রতিবাদ করায় পিটিয়ে হত্যা

আপডেট : ২২ জুলাই ২০১৯, ১১:৩২ পিএম

খুলনায় হাফেজ ফরহাদুজ্জামানকে পিটিয়ে হত্যার ঘটনায় ৪ আসামিকে যাবজ্জীবন কারাদ-, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় দেন। মামলায় ৫ জনকে খালাস দেওয়া হয়েছে।

দন্ডপ্রাপ্ত আসামিরা হলো একই গ্রামের পীর আলী তফাদারের ছেলে শহীদ তফাদার, আমিন সরদার ও তার ভাই আজিজুল সরদার এবং সাত্তার সরদারের ছেলে সোলায়মান সরদার। খালাসপ্রাপ্তরা হলো মোমিন সরদার, সবুর সরদার, নূর ইসলাম সরদার, জুলফিকার সরদার ও নিছার সরদার। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এম ইলিয়াস খান জানান, মসজিদের বালু চুরির প্রতিবাদ করায় ২০১৫ সালের ৫ জুন শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে হাফেজ ফরহাদুজ্জামানকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই ফারুক হোসেন বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় হত্যা মামলা করেন। ওই বছরের ৯ অক্টোবর ডুমুরিয়া থানার এসআই জাহাঙ্গীর হোসেন ৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ৩০ জন সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত