নগরীর চাক্তাই খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার বহদ্দারহাট এলাকা থেকে খলিফাপট্টি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার খালের ওপর থেকে ৬৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। এ ব্রিগেড জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্র্তৃপক্ষের (সিডিএ) নেওয়া মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। এদিকে নগরীর পতেঙ্গায় কর্ণফুলীর তীরে অবস্থিত লালদিয়ার চরে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্র্তৃপক্ষ। গতকাল সকালে শুরু হওয়া অভিযান আরও দুই দিন চলবে বলে জানিয়েছেন বন্দর কর্মকর্তারা।
চাক্তাই খালে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। তিনি দেশ রূপান্তরকে বলেন, প্রকল্পের অধীনে চাক্তাই খালের ওপর থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। সেনাবাহিনীর সহযোগিতায় প্রথম দিনে পাকা ও আধাপাকা ৬৫টি অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। খালের শেষাংশ পর্যন্ত অভিযান চালানো হবে বলে জানান তিনি। সিডিএ সূত্রে জানা যায়, ৫ দশমিক ৮৮ কিলোমিটার চাক্তাই খালে ৩০০টি চিহ্নিত অবৈধ স্থাপনা রয়েছে। অবৈধ দখলে রয়েছে ৮ দশমিক ১৩৭ একর জায়গা।
চট্টগ্রাম বন্দরের ডেপুটি ম্যানেজার (এস্টেট) জিল্লুর রহমান জানান, লালদিয়ার চরে ‘লালদিয়া মাল্টিপারপাস টার্মিনাল’ প্রকল্প বাস্তবায়ন করা হবে। সেখানে বসবাসকারীদের আগেই উচ্ছেদের বিষয়টি নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হয়। অভিযানে চট্টগ্রাম বন্দরের ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈর নেতৃত্বে ৬০ পুলিশ, ৩০ আনসার ও ৬০ জন শ্রমিক অংশ নেয়।
