ছেলেধরা গুজবে বাংলাদেশে গত কয়েক দিনে গণপিটুনিতে বেশ কয়েকজন নিহত হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গেও একই আতঙ্ক বিরাজ করছে। গত এক সপ্তাহে আলিপুরদুয়ার এলাকায় কয়েকজন গণপিটুনির শিকার হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে জোড়া গণপিটুনির ঘটনা ঘটেছে আলিপুরদুয়ারে। সোমবার ভোরে ছেলেধরা সন্দেহে শহর লাগোয়া পূর্ব ভোলাডাবরি এলাকায় এক ব্যক্তিকে বেধড়ক মারধর করেন স্থানীয় বাসিন্দারা। আর রাতে বাদল নগরে আক্রান্ত হন এক ভবঘুরে প্রৌঢ়া। দু’জনকেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।
ছেলেধরা সন্দেহে আলিপুরদুয়ারে একের এক গণপিটুনির ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয় প্রশাসনের। রীতিমতো মাইকিং করে চলছে প্রচার। কিন্তু পরিস্থিতির উন্নতি হচ্ছেন না।
জানা যায়, সোমবার ভোরে আলিপুরদুয়ার শহর লাগোয়া পূর্ব ভোলডাবরি এলাকায় এক অচেনা ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ করে স্থানীয় বাসিন্দারা। ছেলেধরা সন্দেহে ল্যাম্পপোস্টে বেঁধে শুরু হয় গণপিটুনি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে।
রবিবার রাতে গণপিটুনির ঘটনা ঘটেছে আলিপুরদুয়ারের শহরের বাদল নগর এলাকায়। পুলিশ জানিয়েছে, রাতে টয়লেটে যাওয়ার পথে এক ব্যক্তিকে দেখতে পান স্থানীয় এক গৃহবধূ। তার চিৎকারে ছুটে আসেন আশপাশে লোকজন। ছেলেধরা সন্দেহে যথারীতি ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করতে শুরু করেন তারা। পরে পুলিশ আক্রান্ত ব্যক্তিকে ভর্তি করে হাসপাতালে।
গত কয়েক দিন ধরেই ছেলেধরার আতঙ্ক ছড়াচ্ছে আলিপুরদুয়ারে। স্রেফ সন্দেহের বশে গণপিটুনির ঘটনাও ঘটছে। এক সপ্তাহ আগে গণপিটুনির ঘটনায় রীতিমতো রণক্ষেত্রে চেহারা নেয় ওই এলাকায়। আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে জনরোষের মুখে পড়তে হয় পুলিশ কর্মকর্তাদের।
