হলিউড অভিনেতা ডেভিড হেডিসন মারা গেছেন। জেমস বন্ড সিনেমার ফেলিক্স লেইটার চরিত্রের জন্য তিনি বেশি পরিচিত। সোমবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হেডিসন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর।
১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘লাইভ অ্যান্ড লেট ডাই’ সিনেমায় প্রথমবার ফেলিক্সের চরিত্রে পা গলান হেডিসন। এটি ছিল প্রয়াত স্যার রজার মুরের প্রথম বন্ড সিনেমা। একই চরিত্রে ১৬ বছর পর ফেরেন ১৯৮৯ সালের ‘লাইসেন্স টু কিল’ সিনেমায়। যার নাম ভূমিকায় ছিলেন টিমোথি ডালটন।
এ ছাড়া ১৯৫৮ সালে ‘দ্য ফ্লাই’ সিনেমায় ভুল পরীক্ষা-নিরীক্ষায় প্রত্যঙ্গে রূপান্তরিত হতে দেখা যায় হেডিসনকে। ১৯৬০ এর দশকের সাবমেরিন টিভি সিরিজ ‘ভয়েজ টু দ্য বটম অব দ্য সি’তেও অভিনয় করেন তিনি।
‘লাইভ অ্যান্ড লেট ডাই’-এর সাত বছর পর বন্ধু রজারের সঙ্গে করেন রিগ ড্রামা ‘নর্থ সি হাইজ্যাক’। ২০০৭ সালে হলিউড ওয়াক অব ফেমে রজারের নামে তারকা উন্মোচন অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন।
এ ছাড়া দ্য লাভ বোট, দ্য ফল গাই ও ডাইনেস্টি’সহ কিছু সিনেমা ও সিরিজে ডেভিড হেডিসনকে দেখা যায়।
আমুদে স্বভাবের হেডিসন নিজের বেশির ভাগ সিনেমা নিয়ে বলেন, “এটি আপনি আবার দেখতে চাইবেন না।” একবার বলেছিলেন, “যখন শুনি টিভিতে আমাকে দেখাবে, তখন ডিনার পার্টি ডাকি এবং বন্ধুদের দাওয়াত করি, যেন তারা টিভিতে আমাকে দেখতে না পায়।”
হেডিসনের মৃত্যুর খবর জানিয়েছেন দুই মেয়ে আলেকজান্দ্রা ও সেরেনা। বাবা সম্পর্কে তারা বলেন, “তিনি ছিলেন প্রাণবন্ত ও উদার হৃদয়ের মানুষ।”
ডেভিড হেডিসন ছাড়াও একাধিক অভিনেতাকে দেখা গেছে ফেলিক্স লেইটার চরিত্রে। একদম শুরুতে ১৯৬২ সালে ‘ডক্টর নো’তে ছিলেন জ্যাক লর্ড, ২০০৬ সালের ‘ক্যাসিনো রয়্যাল’-এ ছিলেন জেফরি রাইট।
