রেলওয়ের তদন্ত প্রতিবেদন

কর্মীদের গাফিলতিতেই চারঘাটের ট্রেন দুর্ঘটনা

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১১:৪৭ পিএম

রেলওয়ের কর্মীদের গাফিলতির কারণেই রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি দীঘলকান্দি গ্রামে ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। রেলওয়ের তদন্ত প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। এ নিয়ে রেলওয়ের একজন বিভাগীয় কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। সাময়িক বরখাস্ত আছেন একজন সহকারী প্রকৌশলীও।

পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক খোন্দকার শহীদুল এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, তদন্ত প্রতিবেদন এরই মধ্যে রেলওয়ের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

এ সময় অন্যদের মধ্যে পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান যন্ত্রপ্রকৌশলী মৃণাল কান্তি বণিক, প্রধান সংকেত প্রকৌশলী অসিম কুমার তালুকদার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মাসাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ১০ জুলাই চারঘাটের দীঘলকান্দিতে তেলবাহী ট্রেনের আটটি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে প্রায় ২৮ ঘণ্টা রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আবদুর রশিদ নামে পশ্চিমাঞ্চল রেলওয়ের একজন সহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক খোন্দকার শহীদুল ইসলাম জানান, ট্রেন লাইনচ্যুতির ওই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সে কমিটির প্রতিবেদন অনুযায়ী, রেলের কয়েকজন কর্মী, ম্যাট ও প্রকৌশলীর গাফিলতির জন্য দুর্ঘটনাটি ঘটেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত