পড়াশোনা করে পাইলট হতে লেগে যাবে অনেক সময়। এদিকে বিমান চালাতেও উদ্গ্রীব চঞ্চল মন। ফলে বিমান চুরি করে উড়াল দিতে চেয়েছিল কিশোর। এতেই সে বাঁধিয়ে দেয় দুর্ঘটনা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানায়, পূর্ব চিনের ঝেজিয়াং প্রদেশের হুজহউ শহরে এ ঘটনা ঘটে।
মাঝরাতে শহরটির ছোট বিমানবন্দরে ঢুকে সবার নজর এড়িয়ে বিমান চুরি করে ১৩ বছরের ওই কিশোর।
বিমানবন্দরে রাখা ছোট বিমানগুলোর একটি নিয়ে উড়াল দিতে চেয়েছিল সে। কিন্তু কাঁচা হাতে সামলাতে না পেরে বিমানবন্দরের গার্ডরেলে গিয়ে ধাক্কা দেয় বিমান।
এরপরেও সে থেমে যায়নি। ওই বিমান থেকে নেমে পাশের আরেকটি ফাঁকা বিমানে চড়ে বসে ওই কিশোর। সেটিকেও চালানোর চেষ্টা করে। কিন্তু শেষমেশ পেরে না ওঠে হাল ছেড়ে দেয়।
গোটা ঘটনাটি বিমানবন্দরের সিসিটিভিতে ধরা পড়ে। রবিবার সেই ভিডিও প্রকাশ করে বিমানবন্দর কর্তৃপক্ষ। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে সেটি ভাইরাল হয়ে পড়ে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি গার্ডরেলে ধাক্কা দেওয়ায় প্রায় ৮ হাজার ইয়ান। তবে এই ঘটনায় কিশোরটির ওপর কোনো ধরনের অভিযোগ নেই তাদের। বরং বিমানের প্রতি কিশোরটির আকর্ষণ দেখে মুগ্ধ কর্তৃপক্ষ।
তার এমন কর্মকাণ্ডের প্রশংসা করেছে বিমানবন্দরের কর্মকর্তারা। তাদের মতে, এই বয়সে নিজে নিজে বিমান চালু করে রানওয়েতে নিয়ে যেতে পারাটা বুদ্ধিমত্তার পরিচয়।
কিশোরের অভিভাবকেরা রাজি হলে তাকে বিমান চালানোর প্রশিক্ষণ দিতেও রাজি তারা।
