ব্রাহ্মণরা নাকি দুইবার জন্মগ্রহণ করে! আর তাই তাদের জন্য সব শীর্ষপদ বরাদ্দ করা উচিত। এই আধুনিক যুগে এসে এমন মন্তব্য করেছেন ভারতের কেরালা হাইকোর্টের বিচারপতি ভি চিতাম্বরেশ।
বিশ্বের সব অঞ্চলের তামিল ব্রাহ্মণদের একত্রিত করে আয়োজিত এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে বিচারপতি ভি চিতাম্বরেশ এ কথা বলেন। সেখানে এভাবে ব্রাহ্মণ সমাজের প্রশংসা করেন তিনি, ‘ব্রাহ্মণ কে? ব্রাহ্মণ মানে একজন দ্বিজ, যার দুইবার জন্ম হয়। পূর্বজন্মের পুণ্যের ফলে দুইবার জন্মানোর সুযোগ পান ব্রাহ্মণরা। একজন ব্রাহ্মণের চরিত্রের বেশ কিছু গুণ আছে। পরিচ্ছন্নতা, উচ্চাকাঙ্ক্ষা, দৃঢ় চরিত্র, মূলত নিরামিষাশী। একজন ব্রাহ্মণের মধ্যে সেই সব গুণ থাকে যা একজনের মধ্যে থাকা সম্ভব। তাদের জন্য সব শীর্ষ পদ বরাদ্দ করা উচিত।’
‘আমি একটি সাংবিধানিক পদে আছি, তাই এর থেকে বেশি কিছু বলতে পারি না। তবে, জাতি বা ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করে কাউকে অবহেলা করার মানে হয় না। ধর্ম বা জাতির ভিত্তিতে সংরক্ষণও ঠিক নয়।’
ব্রাহ্মণেরা নিজেদের সব সময় উঁচু জাতের বলে মনে করেন। বাংলাদেশ, ভারতে তাদের এই জাত্যভিমান নিয়ে অনেক লোককথা প্রচলিত আছে। কিন্তু দিনকে দিন অবস্থার পরিবর্তন ঘটছে। হিন্দু ধর্মের অন্য বর্ণের মানুষেরা এখন আর আগের মতো তাদের ‘অহংকারকে’ গুরুত্ব দিতে চান না। অনেক এলাকার পূজা-পার্বণ তাদের ছাড়াই করা হয়।
