রাজনৈতিক প্রভাবে নিম্ন আদালতগুলো বেপরোয়া হয়ে সর্বোচ্চ আদালতের নির্দেশনাকেও অমান্য করছে বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেপ্তার তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার পর তাকে আদালতে না তোলার ঘটনার কথা উল্লেখ করে তিনি এ অভিযোগ করেন।
বুধবার সুপ্রিম কোর্ট এনক্স ভবনের সামনে সাংবাদিকদের ডেকে মাহবুব বলেন, আয়েশা সিদ্দিকা মিন্নিকে রিমান্ডে নেওয়ার পর তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিও নেওয়া হয়েছে। কতটা সত্যি কতটা মিথ্যা সেটা বিচারে দেখা যাবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক এই সভাপতি বলেন, যদি কাউকে রিমান্ডে নিয়ে স্বীকারোক্তি নেওয়া হয়, তাকে অবশ্যই বিচারিক আদালতে উপস্থিত করতে হবে। যেন সে বলতে পারে রিমান্ডে থাকাকালে তাকে নির্যাতন করা হয়েছে। নির্যাতন যদি করা হয়ে থাকে, তাহলে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে- এটা আমাদের সুপ্রিম কোর্টের নির্দেশনা।
তিনি বলেন, কিন্তু কথিত স্বীকারোক্তিমূলক জবানবন্দির পরে তাকে আদালতে না নিয়ে সরাসরি জেলখানায় পাঠিয়ে দেওয়া হলো। তার আইনজীবী আবেদন করে বলল যে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহার করতে চাই। তাকে আদালতে আনা হোক। কিন্তু তাকে আনা হলো না- এভাবেই আইনের বরখেলাপ হচ্ছে।
মিন্নিকে জামিন না দেওয়া আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে খন্দকার মাহবুব বলেন, “আমাদের ফৌজদারি কার্যবিধিতে বিধান রয়েছে, যে কোনো অপরাধে আসামি যদি মহিলা হয়, যদি অসুস্থ হয় তাহলে আদালত তাকে জামিন দেবেন।
উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আমি আশা করব, আমাদের উচ্চ আদালত এ ব্যাপারে নজর দেবেন। কি করে একজন মহিলাকে পুরুষ পুলিশের হেফাজতে দেওয়া হলো। তারপরে বিচারিক আদালতে উপস্থিত না করে সরাসরি জেলে পাঠানো হলো।
এ বিষয়ে সুপ্রিম কোর্টে লিখিত আবেদন করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা কোর্টের দায়িত্ব। তাকে যদি জামিন না দেওয়া হয়, তখন অবশ্যই উচ্চ আদালতে যখন আসবে তখন আমরা এর প্রতিবাদ করব। আমরা চাই, আইন অনুযায়ী বিচার হোক, আইন অনুযায়ী সাজা হোক।
মিন্নিকে আইনি সহায়তা দেবেন কিনা জানতে চাইলে খন্দকার মাহবুব বলেন, অবশ্যই। বিচার যাতে সঠিকভাবে হয়, ন্যায় বিচার যাতে পায়। রাজনৈতিক প্রভাবে যাতে বিচার না হয় সেটাই আমরা দেখব।
বরগুনার শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেপ্তার তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির আইনজীবীরা হাকিম আদালতের সাড়া না পেয়ে মঙ্গলবার জজ আদালতে তার জামিনের আবেদন করেছেন।
মিন্নির আইনজীবী মাহাবুবুল বারী অসলাম পরে সাংবাদিকদের জানান, বিচারক জামিন আবেদনটি নথিভুক্ত করে নিম্ন আদালতের নথি তলব করেছেন। আগামী ৩০ জুলাই এ বিষয়ে শুনানি হবে।
এর আগে সোমবার আদালতে মিন্নির দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহার ও তার চিকিৎসার জন্য বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সিরাজুল ইসলাম গাজীর আদালতে আবেদন করা হলে তা নামঞ্জুর হয়।
রিফাতের বাবা মোজাম্মেল হোসেন কিশোর ১২ জনকে আসামি করে যে মামলাটি করেন, তাতে প্রধান সাক্ষী করা হয়েছিল মিন্নিকেই।
সম্প্রতি মিন্নির শ্বশুর তার ছেলের হত্যাকাণ্ডে পত্রবধূর জড়িত থাকার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করলে আলোচনা নতুন দিকে মোড় নেয়। তবে মিন্নি তা অস্বীকার করে পাল্টা বলেছিলেন, দুলাল শরীফ ‘ষড়যন্ত্রকারীদের প্ররোচনায়’ পড়ে তাকে জড়িয়ে ‘বানোয়াট’ কথা বলছেন।
এ মামলার এজাহারভুক্ত ছয়জন ও মিন্নিসহ মোট ১৩ জনকে এ পর্যন্ত গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যা মামলার মূল আসামি সাব্বির আহম্মেদ নয়ন ওরফে নয়ন বন্ড পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
