গান-গল্পে ঢাকায় মঞ্চ মাতাবেন শুভেন্দু মাইতি

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ০৫:১৫ পিএম

ভারতের বাংলা গানের জনপ্রিয় নাম শুভেন্দু মাইতি। তিনি আসছেন ঢাকায়। গুণী এই শিল্পীকে ঢাকায় আনছে সামাজিক সাংস্কৃতিক সংগঠন কৃষ্টি। শুভেন্দু মাইতির সঙ্গে বাংলা গানের পরম্পরা নামের আয়োজনটি কৃষ্টির প্রথম আয়োজন।

২৭ জুলাই ধানমন্ডি ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। বেলা ৪টা- ৬টা পর্যন্ত গান গল্প এবং সন্ধ্যা ৭টায় নিজের গান গাইবেন ‘মাঈনুদ্দিন কেমন আছো’ খ্যাত ৭৫ বছরের শুভেন্দু মাইতি।

অনুষ্ঠান শুরুর আগে বেলা ৪টায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন শুভেন্দু। গণমাধ্যমের কাছে জানাবেন নিজের চিন্তা দর্শনের আদ্যোপান্ত।  শুভেন্দু মাইতির এই অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন আয়োজকেরা।

সংগীতগুরু শুভেন্দু মাইতি জন্মেছিলেন পশ্চিমবঙ্গের মেদিনীপুরের নন্দীগ্রামে, ভারতে।  দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, গত শতকে। শৈশবে প্রিয় গুরু বলেছিলেন, ‘গান বিকোবি না’।  যা মেনে চলেছেন আজ অবধি। মানুষ এবং সংগীতকে ভালোবেসে তিনি গণসংগীতের প্রেমে পড়েন।  জড়িয়ে পড়েন রাজনীতিতেও।  ষাটের দশকে তিনি কলকাতা নগরে আসেন উচ্চতর শিক্ষা নিতে। কিন্তু আবারও প্রেমে পড়েন তিনি।  কিন্তু এবার কবিতার।  প্রিয় হয়ে ওঠেন কবিতাপ্রেমীদের।  আর রাজনৈতিক কারণে তাকে গণসংগীত নিয়ে ছুটে বেড়াতে হয় পুরো রাজ্যে।  হাজার হাজার শ্রোতা সেই গানে হন অনুপ্রাণিত।  নব্বই দশকের শুরুতে দলের সঙ্গে মতবিরোধের কারণে দলীয় রাজনীতি থেকে দূরে সরে আসেন।  কিন্তু ভোলেননি বাম রাজনীতির গণমানুষের দীক্ষা।

নজর দিতে শুরু করেন নতুন বাংলা গানে।  সুমন চট্টোপাধ্যায়, নচিকেতা প্রমুখ শিল্পীকে হাত ধরে নিয়ে আসেন নাগরিক শ্রোতাদের সামনে।  তার ব্রত হয়ে ওঠে নতুন সংগীতশিল্পীদের দীক্ষা।  এখনো সেই লক্ষ্যে অটল তিনি। ২০০৬ সালে গড়ে তোলেন লালন একাডেমি। যে প্রতিষ্ঠানের মাধ্যমে গড়েছেন বাংলা গানের আর্কাইভ।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত